বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, যে মুহুর্তে বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেই মুহুর্তে ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। একটি গোষ্ঠী নির্বাচন যাতে সময় মতো না হতে পারে সেই লক্ষে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা সন্ত্রাসের বিচার চাই, বাংলাদেশে যারা সন্ত্রাস কায়েম করে নির্বাচনকে ব্যহত করার চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের শাস্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি সাইদুর রহমান বাচ্চু’র নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা এই হামলার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যেই গুলির সঙ্গে জড়িত থাকুক না কেন তাকে গ্রেপ্তার করতে হবে।
আমাদের প্রিয় নেতা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারেক রহমান আগামি ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। আমরা সিরাজগঞ্জের সকল নেতাকর্মী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক নুর কায়েস সবুজ, যুগ্ম সম্পাদক মুন্সী জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















