জনতার কন্ঠ প্রতিবেদক:
সিরাজগঞ্জে যমুনা সেতুতে কাভার্ড ভ্যান, ট্রাক ও পিকআপের সংঘর্ষে একটি পরিবহণের চালক ও হেলপার আহত হয়েছেন।
রোববার (২৪ আগষ্ট) ভোরে যমুনা সেতুর সিরাজগঞ্জমুখী লেনে ২৪ নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন কাভার্ড ভ্যানের হেলপার রংপুর জেলার গঙ্গাচরা থানার গজঘণ্টা গ্রামের আজহারুলের ছেলে তাজিম (২২) ও চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে জাহিদ (৩০)।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ড ভ্যান যমুনা সেতুর ২৪নং পিলারেরর কাছে এলে চালক ঘুমন্ত অবস্থায় ব্রেক করে। এ সময় পেছনে থাকা অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে সামনের কাভার্ড ভ্যান চালকের ঘুম ভেঙে দ্রুত চলে যায়। মাঝের কাভার্ড ভ্যানের পেছনে থাকা কুরিয়া সার্ভিসের গাড়ী ধাক্কা এবং এরপর তার পেছনে একটি সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মাঝখানের কাভার্ড ভ্যানের চালক ও হেলপার আহত হন। এর মধ্যে হেলপারের অবস্থা আশংকাজনক।
এদিকে দুর্ঘটনার পর প্রায় ৪৫ মিনিট যমুনা সেতুর ঢাকা-উত্তরবঙ্গ লেন বন্ধ হয়ে যায়। ফলে ওই লেনে যানজটের সৃষ্টি হয়। রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।

রিপোর্টার: 




















