নোয়াখালীতে অভিযান চালিয়ে ৮ হাজার ৮৪০ পিস ইয়াবা, একটি টয়োটা প্রাইভেটকার ও নগদ ৬৭ হাজার ৯০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় নোয়াখালী।
ডিএনসি সূত্র জানায়, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাত ১০:০০টা থেকে রাত ১১:৪০টা পর্যন্ত সেনবাগ থানাধীন ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকায় নাছির উদ্দিনের ফলের আড়তের সামনে মহাসড়কের ওপর এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতদের তথ্য: মো. আমির হোসেন (৪২), পিতা: মৃত জাহাঙ্গীর কবির, মাতা: জেরিন আক্তার, সাং: উত্তর গনিপুর (ছাদু মিয়ার বাড়ি), ডাকঘর: রাজাপুর, থানা: দাগনভূঁঞা, জেলা: ফেনী এবং মো. হারুন ভূঁঞা (৪০), পিতা: মো. রফিক, মাতা: রৌশন আরা আক্তার, সাং: জয়নারায়নপুর (দপাদার বাড়ি), ডাকঘর: রাজাপুর, থানা: দাগনভূঁঞা, জেলা: ফেনী।
অভিযানকালে ঢাকা মেট্রো-গ-২৬-৬০৫৬ নম্বরের একটি কালো টয়োটা প্রাইভেটকারের ড্রাইভিং সিটের নিচে বিশেষভাবে লুকানো একটি কালো পলিপ্যাকেট থেকে ৪,৮৪০ পিস কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা (ওজন ৪৬০ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়া অপর আসামির নিকট থেকে আরও ৪,০০০ পিস ইয়াবা (ওজন ৩৯০ গ্রাম) উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৮,৮৪০ পিস (প্রায় ৮৫০ গ্রাম)।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি চাবিসহ জব্দ করা হয়েছে এবং আসামিদের কাছ থেকে নগদ ৬৭ হাজার ৯০০ টাকা, তিনটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১০(গ), ৪১ ও ৩৮ ধারায় পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সেনবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















