নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাদিয়া ৯নং দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মিন হাজী বাড়ির সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনা থেকে হঠাৎ নিখোঁজ হয় নাদিয়া। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় তারা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















