নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ আজাদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার ফেনী-নোয়াখালী মহাসড়কের চৌমুহনী মিয়ার পোল এলাকায় জামান ট্রেডার্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফেনী থেকে লক্ষ্মীপুরগামী ‘যমুনা লাইন’ নামীয় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ আজাদ বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর (বরকন্দাজ বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতা মৃত লোকমান মিয়া ও মাতা মৃত ফাতেমা বেগম।
পুলিশ জানায়, আটককৃতের কাছ থেকে একটি সাদা টিস্যুতে মোড়ানো স্বচ্ছ পলিপ্যাকেটে রাখা ৩০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২৯ গ্রাম। এছাড়া তার কাছ থেকে একটি Itel it 2171 মডেলের সীমযুক্ত বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ক্রমিক নং ১০(ক) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















