দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে নিকার (NICAR) বৈঠকে অনুমোদন পেয়েছে ভূল্লী উপজেলা গঠনের প্রস্তাব।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এ খবরে পুরো ভূল্লী অঞ্চলজুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
সংবাদটি পাওয়ার কিছুক্ষণ পরেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।
ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাকে নতুন উপজেলা গঠনের জন্য ৫টি ইউনিয়নের সমন্বয়ে এই নতুন উপজেলা গঠিত হতে যাচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এমপি বলেন, “ভূল্লী উপজেলা বহুদিনের প্রাণের দাবি আজ বাস্তবে রূপ নিলো। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ভূল্লী উপজেলা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, নতুন উপজেলা গঠনের ফলে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলাসহ সকল নাগরিক সেবা এখন সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। প্রশাসনিক ভোগান্তি লাঘবের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে। সংবাদটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দনের জোয়ার বইছে।

মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও (রংপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 


















