জনতার কণ্ঠ প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা দাখিল মাদ্রাসায় শতভাগ উপস্থিত হলেই সেই শিক্ষার্থীর সারা বছরের বেতন মওকুফের ঘোষণা দিলেন সভাপতি সাংবাদিক এস এম ফেরদৌস হাসান। শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়াতে বেতন মওকুফের পাশাপাশি শতভাগ উপস্থিত শিক্ষার্থীর জন্য বছর শেষে পুরস্কারের ব্যবস্থাও রাখা হচ্ছে বলে তিনি জানান।
বুধবার (৩ সেপ্টেম্বর) মাদ্রাসার সুপারিনটেনডেন্টের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির এক বিশেষ সভায় গৃহীত সিদ্ধান্তের পর সভাপতি এই ঘোষণা দেন। এসএম ফেরদৌস হাসান এটিএন বাংলা ও এটিএন নিউজ টিভি চ্যানেলের সিরাজগঞ্জ প্রতিনিধি এবং সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
শালুয়াভিটা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের ক্লাসে পড়ায় মনোযোগী করতে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার ও বহন সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা মা-বাবার সাথে জরুরী প্রয়োজনে মাদ্রাসার হট লাইন নম্বর থেকে বিনা খরচে কল করতে পারবেন বলেও জানানো হয়েছে। ছাত্র ছাত্রীদের মাদ্রাসায় নিয়মিত পাঠানোর ক্ষেত্রে মা-বাবা বা পরিবার প্রধানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এজন্য অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক অভিভাবকের সাথে মোবাইল ফোনে সভাপতি যোগাযোগ স্থাপন করবেন বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মাদ্রাসার উন্নয়নের জন্য এবং উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবেও অবদানে উৎসাহিত করতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ দাতাদের নামের তালিকা সংরক্ষণ এবং মাদ্রাসার দৃশ্যমান স্থানে প্রদর্শনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সভাপতি এস এম ফেরদৌস হাসান জানিয়েছেন।
সভায় ম্যানেজিং কমিটির সভাপতি এসএম ফেরদৌস, সদস্য সচিব ও মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল মালেক, সাধারণ শিক্ষক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম এবং অভিভাবক সদস্য মোঃ শাহ আলম এবং আমন্ত্রিত অতিথি হিসেবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রফেসর মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 




















