প্রতিবেদক নাটোর। জনতার কণ্ঠ.কম
গত সরকারের শাসনামলে পুলিশ অনেক বিতর্কিত হয়েছে বলে মন্তব্য করে নাটোরের নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, আমরা সেখান থেকে ফিরে আসতে চাই। রাষ্ট্র আমাদের আইনশৃঙ্খলা রক্ষায় যে দায়িত্ব দিয়েছে তা যথাযথ ভাবে পালন করতে চাই। আর কোন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি হতে দেওয়া হবে না। সন্ত্রাসী ও অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নাটোর জেলার, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশের দায়িত্ব হচ্ছে দেশের জনগোষ্ঠীকে সাহায্য করা এবং আইনি সহায়তা, দেওয়া, মানুষের প্রয়োজনে আইন প্রয়োগ করা। এগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, অবশ্যই দেশের জনগণ আমাদের মেনে নেবে। পাশাপাশি বিগত শাসনামলে যেভাবে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, তা রক্ষা পাবে। আমরা সাধারণ জনগণের সাথে মিলেমিশে কাজ করতে চাই। তাদের খিচুনী দিয়ে করতে চাই না, তাদের যে রাইটস এবং তাদের হিউম্যান রাইটস রক্ষা করেই কাজ করতে চাই। যাতে একজন বিচার প্রার্থী সঠিক বিচার পায় এবং সঠিকভাবে আদালতে যেতে পারেন।
তিনি বলেন, স্বৈরাচারী শাসক দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওপর চেপে বসেছিল। দেশের ছাত্র জনতার সমন্বিত আন্দোলনে সেই স্বৈরশাসনের অবসান হয়েছে। কিন্তু তাদের সময়ের অস্ত্রধারীরা এখনো যদি আইনের বাইরে থাকে, তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সেই অস্ত্রধারীদের অবশ্যই গ্রেপ্তার করবো। এছাড়া পুলিশ ও সাংবাদিকদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা অচিরে দূর করা হবে। আমরা নাটোরের আইন শৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করবো।
তিনি আরো বলেন, আগামী দুর্গাপূজা নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। কারন গত শাসনামলের বিষয় নিয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে বারবার সতর্ক করা হচ্ছে। কারন তারা বিশৃঙ্খলা করতে পারে। তাই আগামী দুর্গাপূজায় যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সতর্ক থাকবে। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পূজা মন্ডপ হবে, এই দুর্গাপূজায যেন উৎসব মুখর হয় এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ সহকারে তারা তাদের দুর্গাপূজা উদযাপন করতে পারে, তার জন্য জেলা পুলিশ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা সহ সকল প্রকার সহযোগিতা প্রদান করবে। এজন্য সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন। পুলিশ সুপার বলেন, নাটোরের জনগণের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। এজন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করলেন পুলিশের এই কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ ইফতেখার, সহকারী পুলিশ সুপার ( এএসপি- শিক্ষানবিশ ) মোঃ রুহুল আমিন, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইন্সপেক্টর হাসিবুল্লাহ হাসিব ও ডিআইও-১, মোঃ মশিউর রহমান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহম্মেদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্ট নাজমুল হাসান, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টিভির নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক ও দিনকালের স্টাফ রিপোর্টার এসএম মনজুর উল হাসান, প্রথম আলোর প্রতিনিধি অ্যাডভোকেট মুক্তার হোসেন, এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার হালিম খান, চ্যানেল২৪ এর প্রতিনিধি দেবাশীষ কুমার সরকার, এসএ টিভির মোস্তাফিজুর রহমান টুটুল, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি সুফি সান্টু প্রমূখ। এসময় জেলার প্রায় শতাধিক বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সিনিয়র ও জুনিয়র সাংবাদিকসহ ফটোসাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 



















