নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল এবং কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিএনপি সব সময় দেশের জনগণের পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আগামী দিনে একটি সমৃদ্ধ দেশ গড়তে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 





















