নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নরসিংদী পৌরসভার সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই এবার আগের চেয়েও বেশি সতর্ক থাকতে হবে।
তিনি নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল ও নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দেন। তাঁর ভাষ্য, এবারের দুর্গাপূজা ওই সংগঠনের প্রধান লক্ষ্য হতে পারে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী পৌরসভার প্রশাসক সফি উল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া ও রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















