নোয়াখালীর সুধারামে মোটরসাইকেলে ইয়াবা পাচারের সময় আজাদ মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাব-১১-এর সিপিসি-৩-এর যৌথ দল। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ১ লাখ ২১ হাজার ১০০ টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সোনাপুর-নোবিপ্রবি সড়কের মৌজা ইনকাম চৌধুরীর পুল এলাকায় ফারুক মিয়ার বাড়ির সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় হোন্ডা এসপি মোটরসাইকেলে ইয়াবা পাচারের অভিযোগে আজাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে জব্দ করা ইয়াবার ওজন ৯৭ গ্রাম। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ১০০ টাকা, একটি হোন্ডা এসপি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএনসির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আজাদ মিয়ার বিরুদ্ধে মাদকসংক্রান্ত ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ২৬ এপ্রিলও তিনি মাদকসহ আটক হয়েছিলেন বলে জানিয়েছে সংস্থাটি। জামিনে মুক্ত হওয়ার পর তিনি পুনরায় মাদক কারবারে জড়ান বলে দাবি ডিএনসির।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে আজাদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম। 



















