নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ ফেরদৌসী বেগম (২৬) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তাঁর স্বামী বেল্লাল হোসেন (৩২) পলাতক রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজিদ সেরাঙ্গের বাড়িতে বেল্লাল হোসেনের বসতঘরে এ অভিযান চালানো হয়। এ সময় একটি নীল রঙের পলিথিনের ব্যাগ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ফেরদৌসী বেগমকে গ্রেপ্তার করেন অভিযান পরিচালনাকারীরা।
ডিএনসি সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম। 



















