সিরাজগঞ্জের সলঙ্গায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় মুরগীর খামার স্থাপনে জনদুর্ভোগের অভিযোগ উঠেছে। সলঙ্গা থানার নাঈমুড়ী গ্রামের রেজাউল করিম খামারটি স্থাপন করেছে।
একই সঙ্গে আবাসিক মিটারে বিদ্যুৎ সংযোগ নিয়ে অবৈধভাবে বানিজ্যিকভাবে ব্যবহার করছেন তিনি।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায় নাইমুড়ী ও পুস্তিগাছা গ্রামের সীমান্তে আবাসিক এলাকায় অনুমোদন ছাড়াই মুরগীর খামার গড়ে তুলেছেন রেজাউল।
খামারের দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হলেও কোন প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হয়। আতংকে কেউ কথা বলার সাহস পান না।
এ বিষয়ে জানতে রেজাউল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এর জবাব আপনাকে দেব কেন? আপনি কি সরকারি লোক। বানিজ্যিক মিটার থাক আর আবাসিক মিটার থাক-আপনার কি সমস্যা। মিটার আবাসিক থাক ও আর বানিজ্যিক থাক সেটা কারেন্ট অফিস বুঝবে আপনে কি?
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে যাবো, আবাসিক সংযোগ নিয়ে বানিজ্যিকভাবে ব্যবহারের প্রমাণ পেলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















