সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়ায় ইলিশ প্রজনন মৌসুমে কর্মহীন জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ সময় চাল নিতে আসা জেলেদের গালিগালাজ করে ফিরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ওইদিন বাধ্য হয়ে চাল না নিয়েই ফিরে যেতে হয় জেলেদের।
রোববার (১৮ অক্টোবর) বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ থেকে জেলেদের বরাদ্দের চাল উপজেলা পরিষদে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞায় বেকার হওয়া ১০০ জন নিবন্ধিত জেলেকে শনিবার ২৫ কেজি করে চাল দেওয়ার কথা ছিল। এদিন নির্ধারিত সময়ে জেলেরা পরিষদে উপস্থিত হন। এ সময় চাল নিতে আসা জেলেদের পরিষদের বাইরে থেকেই চলে যেতে বলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি জেলেদের গালিগালাজ করেন বলেও অভিযোগ রয়েছে।
আক্তার, মনিরুল, বাবলু, লুৎফর রহমানসহ একাধিক জেলে বলেন, আমরা চাল নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে গেলে নেতারা বাঁধা দেন। তারা আমাদের চাল নিতে নিষেধ করেন। এমপি আসলেই এই চাল বিতরণ হবে নেতারা এমন কথা বলেন। একপর্যায়ে চাল না পেয়েই খালি হাতে বাড়ি ফিরে যান জেলেরা।
জেলেরা আরও বলেন, গত ৮ অক্টোবর থেকে আমরা মা ইলিশ রক্ষায় মাছ ধরা থেকে বিরত রয়েছি। অন্য ইউনিয়নের জেলেরা চাল পেলেও আমরা এখনো পাইনি। সরকারি বরাদ্দের চাল সময়মতো না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। চাল নিতে গেলে বাধা ও হুমকির মুখে পড়তে হয়েছে আমাদের।”
বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার বলেন, আজকে চাল দেওয়ার কথা ছিল। আমি সকাল থেকেই পরিষদে ছিলাম। কিন্তু জেলেরা আসেনি। পরিষদের বাইরে থেকেই তাদেরকে চাল বিতরণ করা হবে না এমনটা জানিয়ে বিদায় করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় নেতা ও ইউপি সদস্যরা চাইছেন প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে চাল বিতরণ হোক। এ জন্যই তারা চাল বিতরণে বাধা সৃষ্টি করেছেন।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সিরাজুল ইসলাম বলেন, আজকে কেউ চাল নিতে আসেনি। আর ইউনিয়ন পরিষদের মেম্বরারও আসেনি।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান শাকিল বলেন, বাঘুটিয়া ইউনিয়নে শনিবার জেলেদের মাঝে চাল বিতরণ হওয়ার কথা ছিল। কিন্তু সেটা বিতরণ হয় নাই। আজকে সেই চাল উপজেলা পরিষদে আনা হয়েছে। আগামীকাল এখান থেকেই জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে।
প্রসঙ্গত, গত মাসে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠায় প্যানেল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা সাইদুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়। স্থানীয় বিএনপি নেতারা ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মতিউর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির কয়েকজন নেতা তৎপরতা শুরু করেছেন বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















