আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে রংপুর রিজিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ রিজিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকার ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অপতৎপরতা ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তবর্তী হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে হরিজন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রংপুর পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশের ১ লাখ ৫৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার ভূখণ্ডের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে বিজিবি। কেউ যেন সাম্প্রদায়িক উসকানি, অপতথ্য কিংবা গুজব ছড়িয়ে পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে।
এ সময় সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি সদস্যদের জানাতে হবে।
পরে পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার। এ সময় বিজিবির পক্ষ থেকে তাঁদের ফুল, ফল ও মিষ্টি উপহার দেওয়া হয়।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদ, বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী ও পূজা উদ্যাপন কমিটির সদস্যরা।

হাসান আলী, (হাকিমপুর), দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















