নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী এলাকায় স্বরকালী মাতা মন্দিরের সামনে বিবাদের জেরে চাকুর আঘাতে দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহতরা হলেন ত্রিমোহনী এলাকার মৃত ব্রজ কিশোর সাহার ছেলে বিকাশ চন্দ্র সাহা (৪৫) এবং সব কুতুব এলাকার রমেন সাহার ছেলে অসীম সাহা (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানার চুনাগাড়ী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রায়হান (৩৬) মন্দিরের সামনে চাকু নিয়ে ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে সন্দেহ হলে বিকাশ ও অসীম তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় রায়হান অতর্কিতে বিকাশ চন্দ্র সাহার বাম পায়ের উরুতে এবং অসীম সাহার ডান হাতের তালুতে আঘাত করেন। এতে তারা রক্তাক্ত জখম হন।
পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্ত রায়হান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, তাদের মধ্যে কোনো এক বিষয় নিয়ে বিবাদ হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রায়হান হঠাৎ চাকু বের করে আঘাত করেন। তিনি আরও জানান, অভিযুক্তকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 





















