মানিকগঞ্জে হাসপাতালে চাকরি দেওয়ার কথা বলে এক যুবকের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির এক নেতার বিরুদ্ধে।
জানা গেছে, ভুক্তভোগী তরুণের নাম মো. তমাল। আর অভিযুক্ত আরিফুল ইসলাম এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় ওই যুবক মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ে (চুক্তিভিত্তিক) সুপারভাইজার পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ওই যুবকের কাছ থেকে জামানত হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকা নেন আরিফুল ইসলাম। পরে ২০২৫ সালের ২৭ নভেম্বর এস এফ ট্রেড লিমিটেড নামে ঠিকাদারি একটি প্রতিষ্ঠানের প্যাডে ওই যুবককে একটি নিয়োগপত্র দেওয়া হয়।
ওই নিয়োগপত্র নিয়ে হাসপাতালে যোগদান করতে গেলে তমাল জানতে পারেন তার নামে দেওয়া ওই নিয়োগপত্রটি ভুয়া। পরে টাকা ফেরত চাইলে আরিফুল নানা অজুহাতে চাকরি দেওয়ার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন।
একপর্যায়ে তাকে চাকরি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। এরপর শনিবার (২৪ অক্টোবর) মুঠোফোনে আরিফুলের কাছে তমাল টাকা ফেরত চাইলে চাইলে তাকে গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেন তিনি।
পরে নিজের জীবনের নিরাপত্তার আশঙ্কায় তিনি গত শনিবার মানিকগঞ্জ সদর থানায় একটি জিডি করেন তমাল। পাশাপাশি এনসিপির জেলা কমিটির কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এ বিষয়ে কে এস এফ ট্রেড লিমিটেডের ম্যানেজার নাসিম হাওলাদার বলেন, ‘আউটসোর্সিংয়ে নতুন করে কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি। আগের লোকবল দিয়েই কাজ চলছে।’
তিনি বলেন, ‘এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তমাল নামে কাউকে আমরা নিয়োগপত্র দেইনি।’
অভিযোগ অস্বীকার করে এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে উঠা এ অভিযোগ সত্য নয়। আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। অভিযোগের কোনো ভিত্তি নেই। ষড়যন্ত্র করে তমালকে দিয়ে কেউ এ অভিযোগ করিয়েছেন।’
এ ঘটনায় তিনি গতকাল সোমবার আদালতে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে জুমবাংলা.কম এর মানিকগঞ্জ প্রতিনিধি বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন বলেও জানান তিনি।
অন্যদিকে এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বিষয়টি যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আরিফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















