পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের সোনাপাতিল বিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন মালঞ্চির ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ (২১), নলমুড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল (২২), গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)। তাদের মধ্যে শাওন, মিজান, সাজিদ ও ইমন আত্মীয় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটির দিন হওয়ায় জুমার নামাজের পর মালঞ্চির বিভিন্ন এলাকা থেকে কয়েকজন সোনাপাতিল বিলের গোপিনাথপুর অংশে বড়শি দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে তারা বিলের মধ্যে পলিথিনে তৈরি একটি ছাউনিতে আশ্রয় নেন। হঠাৎ সেখানেই বজ্রপাত হয়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন।
বিলের ওই অংশ দুর্গম হওয়ায় বৃষ্টি থামার বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে আহত তিনজনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সময় হতাহতরা পলিথিনের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বজ্রপাত হয়। নিহতরা সবাই কিশোর ও তরুণ। ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একসঙ্গে ছয়জনের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তারা মাছ ধরতে বিলে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতে এই প্রাণহানি ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একসঙ্গে ছয় কিশোর-তরুণের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনতার কন্ঠ/এস এ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 

















