ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা, চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, গত ২ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি ও অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার ৫টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, চারুকলা এবং আইবিএ।
সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং অন্য চারটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বাংলাদেশ কৃষি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০ নম্বর থাকবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনি ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা এবং আইবিএ ইউনিটে ৭০ নম্বরের বহুনির্বাচনি ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।
ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএর যোগফল কমপক্ষে ৮ এবং পৃথকভাবে ৩.৫ থাকতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে সংশ্লিষ্ট শাখার শিক্ষার্থীদের জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং পৃথকভাবে ৩ থাকতে হবে। চারুকলা ইউনিটে জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং পৃথকভাবে ৩ থাকতে হবে। শাখা পরিবর্তন করে আবেদনের ক্ষেত্রে পৃথক জিপিএ ও মোট জিপিএর শর্ত রয়েছে।
এছাড়া বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য নিজস্ব কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু হবে আগামী বছরের ২৮ মার্চ।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















