নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ নুর (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সেনবাগ থানাধীন ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে ‘সেনবাগ রাস্তার মাথা’ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি পোটন (POTON) ব্র্যান্ডের মিনি ট্রাক জব্দ করা হয়। ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৭৫৮৪। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি পুরোনো আইটেল (ITEL) ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ৫ নভেম্বর ২০২৬ তারিখে সেনবাগ থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০২ এবং জিআর নম্বর ১৭৩। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ), ৩৮ ও ৪১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম। 


















