তরুণ ইংলিশ প্রতিভা জেজে গ্যাব্রিয়েলকে দলে ভেড়ানোর একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। কাস্তিয়ার হয়ে মাঠে নামার আগে স্পেনের রাজধানীতে এসে ইতোমধ্যে কঠোর অনুশীলন শুরু করে দিয়েছেন ১৬ বছর বয়সী এই ফুটবলার।
মাদ্রিদের দৈনিক পত্রিকা ‘মার্কা’কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও জীবনের সবচেয়ে বড় স্বপ্নের কথা জানিয়েছেন গ্যাব্রিয়েল।
ম্যানচেস্টার ইউনাইটেডের রিজার্ভ দলের রুটিন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর থেকেই এই কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি, যদিও কাগজে-কলমে এখনো রেড ডেভিলদের সঙ্গেই তার চুক্তি রয়েছে।
রিয়ালের চেয়ে বার্সেলোনাকে কেন এড়িয়ে গেলেন- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মুখ খোলার আগেই তার অভিব্যক্তিতে সব স্পষ্ট হয়ে যায়, অবশ্যই মাদ্রিদ! পাশে দাঁড়ানো তার বাবা, সাবেক ফুটবলার জো ওসিয়ারুওয়েলও হেসে ছেলের কথায় সায় দেন। হাসিমুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও মাদ্রিদে আসার উদ্দেশ্য নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই জেজের। বিদায় নেওয়ার আগে বড় স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, আমার স্বপ্ন ব্যালন ডি’অর জেতা।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এখনো নিবন্ধনভুক্ত থাকায় চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে উয়েফা ইউথ লিগ খেলতে পারবেন না গ্যাব্রিয়েল। মূলত নিয়মকানুন ও সময় সচেতনতার কারণেই এই চুক্তি ঘোষণায় কিছুটা দেরি হচ্ছে। ফিফার দলবদল সংক্রান্ত বিধিমালার ১৯ নম্বর ধারা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের আন্তর্জাতিক দলবদল নিষিদ্ধ হলেও ১৬ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকত্ব থাকলে ছাড় পাওয়া যায়। জেজে গ্যাব্রিয়েলের আইরিশ (আয়ারল্যান্ড) পাসপোর্ট থাকায় তিনি এই সুবিধা পাচ্ছেন। আগামী জানুয়ারি মাসের শীতকালীন দলবদল উইন্ডোতেই তার আনুষ্ঠানিক নিবন্ধন সম্পন্ন হবে।
এদিকে এমন এক প্রতিভাবান খেলোয়াড়কে হারিয়ে বিকল্প ভাবনা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রিটিশদের দৃষ্টিতে বিদেশি ক্লাবে যোগ দেওয়ার সুবাদে প্রশিক্ষণ ও গঠনমূলক ক্ষতিপূরণ বাবদ প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড পাবে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।
জনতার কন্ঠ/এস এ

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম 






















