মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ভাটেরচর গ্রামে বিএনপির এক প্রবীণ নেতা ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বড়ভাটেরচর চার রাস্তার মোড়ে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির প্রবীণ নেতা গিয়াস উদ্দিন মেম্বার, তাঁর ছোট ভাই আতাউর ও সোহেল এবং ভাতিজা বাইজিদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ হামলার পেছনে আওয়ামী লীগের মদদ রয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। হামলাটি হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে চালানো হয়েছে বলে দাবি করেন বক্তারা।
এ সময় তাঁরা হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















