বরিশালের আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আগৈলঝাড়া-গৌরনদী সড়কের বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ওলিউল সরদার (৩৫), উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল সরদার (২৩), মো. রাব্বি মৃধা (৩০), গৈলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কামরুল সরদার (৪৩), গৈলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল সরদার (৩৮), উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার সরদার (৬০) ও মো. রাজিব সরদার (৩০)।
গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শুক্রবার রাতে আগৈলঝাড়া-গৌরনদী সড়কের পূর্ব পয়সা এলাকায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। ওই মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জনতার কণ্ঠ/এসএ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















