মো. হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় বাসের ধাক্কায় খালিদ মুসাব্বির (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি স্থানীয় এক মসজিদে জুমার নামাজে ইমামতি করার জন্য যাচ্ছিলেন।
৩ অক্টোবর (শুক্রবার ) দুপুর আনুমানিক ১২টার দিকে নাচোল-আমনুরা আঞ্চলিক সড়কের হামেদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ মুসাব্বির (২৮) নাচোল থানার মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসাব্বির তাঁর মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে হাটবাকইল এলাকার একটি মসজিদে ইমামতি করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি হামেদপুর পাকা রাস্তার উপর পৌঁছলে নাচোলগামী একটি অজ্ঞাত বাস ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান খালিদ মুসাব্বির।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জনতার কণ্ঠকে বলেন, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার: 



















