নওগাঁর রাণীনগরে বিদ্যুতের ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ক্ষুদ্র কালিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রতন মিয়া পাবনা জেলার চাটমোহর উপজেলার আফজাল হোসেনের ছেলে। তিনি রাণীনগর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে লাইনম্যান পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ক্ষুদ্র কালিকাপুর এলাকায় বিদ্যুতের একটি ফল্ট লাইন মেরামতের কাজ করছিলেন রতন মিয়া। কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও অফিসের লোকজন তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর জোনাল অফিসের ডিজিএম আবু হাসান জানান, কালিকাপুর এলাকায় লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই লাইনম্যান মারা গেছেন।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, নিহতের মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















