সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স ষাট বছরেরও বেশি।
স্থানীয় সূত্রে জানা যায়, জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিন দিক দিয়ে রেলসড়ক পার হচ্ছিলন ওই বৃদ্ধ। এ সময় রাজশাহীগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহত ব্যক্তির কাছে দুটি খাবারের পরিষ্কার বাটি, জামাকাপড়, দাঁতের মাজন এবং একটি সরিষার তেলের বোতলও ছিল। এ থেকে এলাকাবাসীর ধারণা তিনি পেশায় দিনমজুর।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম 



















