দেশের বাজারে টানা চার দফা কমানো হয়েছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (১৩ নভেম্বর) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়।
নতুন কোনো ঘোষণা না আসায় শনিবার (১৪ নভেম্বর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে এই মানের স্বর্ণের দাম আরও ২ হাজার ১৫৮ টাকা কমে।
এ ছাড়া এক দিনের ব্যবধানে ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে।
বাজুসের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল। এরপর ৬, ১১, ১২ ও ১৩ নভেম্বর চার দফায় দাম কমানো হয়। সব মিলিয়ে ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা কমে বর্তমানে স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল, যা তখন পর্যন্ত ছিল সর্বোচ্চ। এরপর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও দফায় দফায় স্বর্ণের দাম বাড়ানো ও কমানো হচ্ছে।
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩০০ টাকা এবং প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত নির্ধারিত এই দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 

























