ঠাকুরগাঁও সদর উপজেলার হঠাৎপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ দুই যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) ঠাকুরগাঁও সদর থানাধীন হঠাৎপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে রবিউল ইসলামের নিজ বসতঘর থেকে তাকে এবং একই এলাকার আশিক ইসলামকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, হঠাৎপাড়া এলাকার মানিকের ছেলে মো. রবিউল ইসলাম (২৫) এবং সুমন ইসলামের ছেলে মো. আশিক ইসলাম (২৪)। অভিযানে তাদের কাছ থেকে চার পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।
পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই যুবককে প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে মোট ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন তিনি।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জনতার কণ্ঠ/এসএ

শাহিন আলম, ভূল্লী (ঠাকুরগাঁও) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















