বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হুট করে বাতিল হওয়া ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (নানড) প্রকল্প এবার আরও বর্ধিত কলেবরে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অটিজম ও স্নায়ুর বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে এরই মধ্যে ৮০৮ কোটি টাকার প্রকল্পটির খসড়া নতুন করে তৈরি করা হয়েছে। রাজধানীর পূর্বাচলে অধিগ্রহণ করা ৩ দশমিক ৩৩ একর জমিতে হবে ১৮ তলার অত্যাধুনিক একাডেমিক ও প্রশাসনিক ভবন। শিক্ষার্থীদের জন্য হবে ১০ তলা ছাত্রাবাস। প্রতি বছর ৪শ শিক্ষার্থী সেখানে পড়াশোনা করতে পারবে। তাদের মধ্যে ২শ শিক্ষার্থী পাবে আবাসিক সুবিধা। এ ছাড়া, আধুনিকমানের স্বয়ংসম্পূর্ণ মেডিকেল ও থেরাপি সেন্টার স্থাপন করা হবে এ একাডেমিতে। সেখানে ভর্তি ও বহির্বিভাগে নানা সেবা পাবেন অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিতে (এনডিডি) আক্রান্তরা। সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা পর্যায়ে বিশেষায়িত শিক্ষা ও সেবা প্রদানের জন্য কিছু সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু মাধ্যমিক পর্যায়ের জন্য সরকারি পর্যায়ে কোনো ধরনের সেবা ও প্রশিক্ষণ কার্যক্রম নেই। যদিও কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, তা-ও ব্যয়বহুল। ফলে দেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বেশিরভাগ শিক্ষাগত, স্বাস্থ্যগত ও দক্ষতাগত উন্নয়ন সেবার বাইরে থাকছে।
পাঠদানের বাইরে অনেক প্রতিবন্ধী শিশু: সংশ্লিষ্ট সূত্র বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সারা বিশ্বের প্রায় ১৫ শতাংশ মানুষ প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন। বাংলাদেশে জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ (এনএসপিডি)-২০২১ অনুসারে ২.৮০ শতাংশ মানুষ প্রতিবন্ধী। পুরুষদের মধ্যে এ হার ৩.২৮ শতাংশ এবং নারীদের মধ্যে ২.৩২ শতাংশ। সমাজকল্যাণ অধিদপ্তরের জাতীয় প্রতিবন্ধী জরিপ অনুসারে, দেশে মোট প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা হচ্ছে ৩৩ লাখ ৬৮ হাজার ১৬০ জন।
গবেষণা মতে, সর্বশেষ গত বিশ বছরে এ ধরনের জটিলতার হার প্রায় ৬শ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশও এ প্রাদুর্ভাবের বাইরে নয়। বাংলাদেশে প্রতি ১ হাজার জনে দুই শিশু এনডিডিতে আক্রান্ত। সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশে বিদ্যালয় গমন-উপযোগী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৩৪৪ এবং এর মধ্যে ছেলে শিশুর সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৮৫২ এবং মেয়ে শিশুর সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৭৩।
মাউশি সূত্র বলছে, ২০২১ সালের তথ্য অনুসারে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১ লাখ ২৪ হাজার ৩৯৮ প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে, যা মোট শিক্ষার্থীর ০.৬১ শতাংশ এবং মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৪৬ হাজার ৪৭৮ প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করে, যা মোট শিক্ষার্থীর ০.৬১ শতাংশ। অন্যদিকে, বিবিএস পরিচালিত এনএসপিডি (২০২১) অনুসারে, মোট প্রতিবন্ধী শিশুর (৫ থেকে ১৭ বছর) মধ্যে মাত্র ৬৫ শতাংশ প্রতিবন্ধী শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং ৩৫ শতাংশ প্রতিবন্ধী শিশু মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি রয়েছে। জরিপের তথ্য অনুযায়ী, বিভিন্ন কারণে প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না বা গেলেও ঝরে পড়ে। যেমন প্রতিবন্ধী শিশুদের বাড়ির কাছাকাছি কোনো বিশেষ বিদ্যালয় না থাকা (৪৭.৭৩%); পরিবারের অসম্মতি বা অনিচ্ছা (২৮.০৭%) থাকা; আর্থিক সীমাবদ্ধতা ও দারিদ্র্য (২৬.৮০%) এবং বিদ্যালয়ের প্রবেশগম্যতার ঘাটতি (১৩.৩১%)।
অন্তর্বর্তী সরকারের আমলে হুট করে বাতিল করা হয় নানড প্রকল্প: সূত্র জানায়, ২০১৪ সালে দুই বছর মেয়াদি এ প্রকল্প হাতে নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। খরচ ধরা হয়েছিল ৭৪ কোটি ১০ লাখ টাকা। পরে প্রকল্পে একাডেমি স্থাপন, প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রমসহ অন্যান্য বিষয় সংযোজনের সিদ্ধান্ত হয়। তিন দফায় প্রকল্পের মেয়াদ ১১ বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়। ডিপিপি সংশোধন করে খরচ বাড়িয়ে ৭৩০ কোটি ৬০ লাখ ১৭ হাজার টাকা করা হয়। এ দীর্ঘ সময়ে প্রায় ৯৫ কোটি টাকা খরচ করার পর ২০২৪ সালের অক্টোবরে এসে বাকি কাজ অসম্পন্ন রেখেই প্রকল্পটি হুট করে বাতিল হয়।
মাউশির ওই সময়ের এবং বর্তমান সময়ের একাধিক কর্মকর্তা বলেন, প্রকল্পটি মূলত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের আগ্রহ থেকেই নেওয়া হয়েছিল। নানা পরিকল্পনা ছিল প্রকল্পটি ঘিরে। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানা চাপের মুখে এ প্রকল্পের বাকি কাজ অসম্পন্ন রেখেই প্রকল্পটি বাতিল করা হয়।
প্রকল্প সূত্র বলছে, ৯৫ কোটি টাকার মধ্যে শিক্ষকদের বেতন ও প্রশিক্ষণ বাবদ খরচে হয়েছে ২৮ কোটি টাকার বেশি, আর ৩৫ কোটি টাকা খরচ করে প্রকল্পের স্থায়ী ক্যাম্পাসের জন্য রাজধানীর পূর্বাচলে ৩ দশমিক ৩৩ একর জমি কেনা হয়। বাকি টাকা খরচ হয়েছে সভা-সেমিনার, ভাড়া করা বাড়িতে ক্যাম্পাস পরিচালনা, ভর্তি করা শিক্ষার্থীদের পেছনে এবং প্রকল্প পরিচালনায়। ওই সময় পর্যন্ত প্রকল্পের অর্থনৈতিক অগ্রগতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ, বাস্তব অগ্রগতি ২০ শতাংশ।
বর্ধিত কলেবরের প্রকল্পে যা থাকছে: প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসার যেমন সংকট আছে, তেমনি প্রতিবন্ধিতায় আক্রান্ত জনগোষ্ঠীর শিক্ষাগত, স্বাস্থ্যগত, কারিগরি, ভোকেশনাল, আইটি ও জীবন দক্ষতা বিষয়ে সেবা ও প্রশিক্ষণ প্রদানে কেয়ারগিভার ও বিশেষায়িত পেশাজীবীর অভাব রয়েছে। দেশে ও বিদেশে এ ধরনের পেশাজীবী ও কেয়ারগিভারের চাহিদা রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সমাজে একীভূতকরণে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর জন্য একটি জাতীয় একাডেমি প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে। একাডেমিতে প্রতিবন্ধীতায় আক্রান্ত ১০ থেকে ২৮ বছর বয়সী দেশের সব শিশু শিক্ষাগত ও ভোকেশনাল সেবার আওতায় আসবে। অন্য বয়সীরা পাবেন স্বাস্থ্যসেবা।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুসারে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি তথা বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত হবে, যা জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতাকে নিশ্চিত করবে। বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর শিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ ও রূপান্তর ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ দেশকে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সমতা অর্জনে সহায়তা করবে। ৫ বছর মেয়াদি প্রকল্পটির সময়রেখা ধরা হয়েছে জানুয়ারি ২০২৭ থেকে ডিসেম্বর ২০৩১।
এ প্রকল্পের মাধ্যমে রাজধানীর পূর্বাচলে অধিগ্রহণকৃত ৩.৩৩ একর জমির ওপর আন্তর্জাতিক মানের স্বয়ংসম্পূর্ণ নানড কমপ্লেক্স নির্মাণ করা হবে। এতে ১৮ তলাবিশিষ্ট একাডেমিক কাম প্রশাসনিক ভবন, ১ হাজার আসনের অডিটোরিয়াম, ২শ সিটের ১০ তলা ছাত্রাবাস (ছাত্র ও ছাত্রী) ও ৬ তলা বহুমুখী স্টাফ কোয়ার্টার ভবন নির্মাণ করা হবে। এ সেন্টারের মাধ্যমে দেশের সব এনডিডি শিশুর শিক্ষাগত স্ক্রিনিং, অ্যাসেসমেন্ট ও রোগ নির্ণয় এবং তাদের শারীরিক, মানসিক ও বুদ্ধিগত সক্ষমতা অনুসারে ব্যবস্থাপনা প্রদান করা হবে। উপযুক্ত শিশুদের একাডেমির শিক্ষা কার্যক্রমে ভর্তি করা হবে এবং প্রয়োজনে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে রেফার করা হবে। একাডেমিতে আনুমানিক ৪শ জন শিক্ষার্থীরকে সেবা প্রদানের জন্য শিক্ষাকার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রমে বিশেষ, সমন্বিত ও একীভূত শিক্ষা ব্যবস্থার সুযোগ থাকবে। শারীরিক, মানসিক ও বুদ্ধিগত এবং আচরণগত সক্ষমতা অনুসারে বিশেষ শিক্ষার্থীদের একাডেমির সাধারণ, একীভূত ও বিশেষ শিক্ষা কার্যক্রমে যুক্ত করা হবে। এর মধ্যে প্রতি বছর প্রায় ২শ জন এনডিডি আক্রান্ত শিক্ষার্থী (ছাত্র ও ছাত্রী) আবাসিক সুবিধা পাবে।
একাডেমিতে থাকবে একটি স্বয়ংসম্পূর্ণ মেডিকেল সেন্টার থাকবে। এ মেডিকেল সেন্টারের সঙ্গে দেশের বিশেষায়িত স্বাস্থ্যসেবার নেটওয়ার্কিং ও লিংকেজ থাকবে। প্রতিদিন এ মেডিকেল সেন্টারে ১০০ শিশুকে চিকিৎসা দেওয়া হবে। আধুনিকমানের স্বয়ংসম্পূর্ণ একটি থেরাপি সেন্টারও থাকবে এ একাডেমিতে, যেখানে প্রতিদিন ৫০ শিশুকে থেরাপি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সার্বিক বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, নতুন নামে প্রকল্পটি হতে পারে। বিস্তারিত মাউশির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক বিস্তারিত বলতে পারবেন। পরিচালক অধ্যাপক মীর জাহিদা নাজনীনকে সম্প্রতি পরিকল্পনা বিভাগ থেকে সরিয়ে দেওয়ায় তার মন্তব্য পাওয়া যায়নি।
মাউশির পরিকল্পনা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেন, এ প্রকল্পের জমি কেনা, একাডেমিসহ অনেক কাজই আগে বাস্তবায়ন করা হয়েছে। এটি যেহেতু জনগুরুত্বপূর্ণ; তাই নতুন করে আরও বর্ধিত কলবরে প্রকল্পটি নেওয়া হচ্ছে।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 

























