মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে সালিশ বৈঠকের জন্য আটক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) সকালে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার নিজ বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. জাহেদ (২০)। তিনি ওই ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার মো. জাকেরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে স্থানীয় বিএনপি নেতা সোহেল মাহমুদের নেতৃত্বে চুরির অভিযোগে জাহেদকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে সালিশ বৈঠকের নামে তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পরিবারের।
নিহতের বাবা মো. জাকের বলেন, “আমার ছেলেকে চুরির মিথ্যা অভিযোগে আটকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদি ছেলে কোনো অপরাধ করত, আমি নিজেই তাকে শাসন করতাম। তারা আমার ছেলেকে কেন আমার হাতে দিল না? আমি আমার ছেলের হত্যার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, “কয়েকদিন আগে জাহেদ আমাদের বাড়িতে কাজ করত। সে আমাদের ঘর থেকে কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। শুক্রবার সকালে বাজারে দেখা পেয়ে তাকে ধরে আনা হয়। সালিশ বৈঠকের জন্য তার বাবাকে খবর দেওয়া হয়েছিল। এরপর কী হয়েছে, আমি জানি না।”
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন আহমদ বলেন, “ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়ার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার: 



















