কৃষিকে শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরের লক্ষ্যে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি সেখানে গড়ে তোলা হবে এগ্রো প্রসেসিং জোন।
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, এতে কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সমন্বিত ব্যবস্থা গড়ে উঠবে। কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে তরুণদের জন্য কৃষিকে ঘিরে নতুন ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি মন্ত্রণালয়ের আওতায় পরিকল্পনাধীন ১০টি ফ্ল্যাগশিপ প্রকল্পের মধ্যে উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগটি অন্যতম। প্রাথমিক পরিকল্পনায় বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলাকে সম্ভাব্য প্রকল্প এলাকা হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অনুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যে যাচাই কমিটি প্রকল্পটি সুপারিশ করেছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পকারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, সংরক্ষণাগার ও বিপণনব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য ও শিল্পপণ্য তৈরি করা সম্ভব হবে। কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন অর্থনৈতিক সংযোগ তৈরি হবে। ফলে কৃষির সঙ্গে শিল্পের সম্পর্ক আরও দৃঢ় হবে।
এ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, ‘একসময় মঙ্গা উত্তরবঙ্গের মানুষের জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ। খাদ্যসংকট ও কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলের মানুষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের কৃষিতে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত নতুন সুযোগ সৃষ্টি হবে।’
তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন, ফসলের অপচয় কমবে এবং তরুণদের জন্য নতুন উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে।’
কৃষি সচিব মো. সেলিম খান বলেন, ‘কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির বাণিজ্যিকীকরণের উদ্যোগ দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। আমরা চাই, উত্তরবঙ্গের কৃষক উৎপাদনের পাশাপাশি কৃষিপণ্যের বাণিজ্যিক মূল্য সংযোজনের সুফলও পান।’
তিনি বলেন, ‘বগুড়া, জয়পুরহাট ও নওগাঁকে কেন্দ্র করে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি এগ্রো প্রসেসিং জোন গড়ে উঠলে কৃষিপণ্যের অপচয় কমবে, কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















