উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আলু চাষের জন্য তৈরি করা জমির বেডের মাঝখানে বৃষ্টির পানি জমে আছে। কোথাও জমির আইল উপচে পানি ছড়িয়ে পড়েছে। জমিতে আটকে থাকা পানি সরানোর চেষ্টা করছেন কেউ কেউ। তবে পানি পুরোপুরি না নামায় অনেক জমিতে আলু রোপণ বন্ধ রয়েছে। যাঁরা ইতিমধ্যে আলু রোপণ করেছেন, তাঁদের দুশ্চিন্তা আরও বেশি। দীর্ঘ সময় জমিতে পানি জমে থাকলে বীজ ও গাছের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আমন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার পাশাপাশি আলু রোপণের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তাঁরা। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই পরিকল্পনায় ছেদ পড়েছে। কোথাও রোপণ করা আলু নিয়ে দুশ্চিন্তা, আবার কোথাও জমি শুকানোর অপেক্ষায় পিছিয়ে যাচ্ছে চাষাবাদ।
খলিশাগাড়ি মাঠের মুন্দাইল গ্রামের কৃষক আব্দুল লতিফ ২০ শতক জমিতে এস্টারিক্স জাতের আলু রোপণ করেছেন। তিনি বলেন, আলু চাষে শুরুতেই বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। প্রতি বিঘা জমিতে চার থেকে পাঁচ বস্তা বীজ লাগে। ব্র্যাকের বীজের বস্তা ১ হাজার ৫০০ টাকা এবং ইস্পাহানির বীজের বস্তা ১ হাজার ৩০০ টাকা দরে কিনতে হচ্ছে। এর সঙ্গে সার, কীটনাশক, জমি চাষ, শ্রমিক ও সেচের খরচ রয়েছে। সব মিলিয়ে উৎপাদন খরচ অনেক বেশি। তাঁর আশা, প্রতি বিঘায় ৮০ থেকে ১০০ মণ আলু উৎপাদন হবে। তবে প্রতি মণ ৬০০ থেকে ৭০০ টাকা দামে বিক্রি করতে পারলে খরচ বাদ দিয়ে কিছুটা লাভের মুখ দেখা সম্ভব হবে।
ধনকুড়াইল গ্রামের কৃষক শাজাহান বলেন, গত দুই বছর আলু চাষ করে ভালো দাম পাইনি। উৎপাদন খরচ তুলতেই অনেক কষ্ট হয়েছে। এবার নতুন আশা নিয়ে চাষ শুরু করেছিলাম। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে সেই আশাও ম্লান হয়ে যাচ্ছে। সদ্য রোপণ করা আলু নিয়ে এখন দুশ্চিন্তায় আছি। দ্রুত পানি না নামলে এবারও লোকসান গুনতে হবে।

সাগরামপুর গ্রামের কৃষক এরফান বলেন, আবহাওয়া ঠিক থাকলে এবার সময়মতো আলু রোপণ শেষ করতে পারতাম। কিন্তু বৃষ্টির কারণে জমিতে পানি জমে আছে। কোথাও জমি প্রস্তুত করেও আলু লাগানো যাচ্ছে না। রোপণ পিছিয়ে গেলে পরবর্তী সময়ে ফলন নিয়েও শঙ্কা থাকে। গত দুই বছরের লোকসানের পর এবারও যদি একই পরিস্থিতি হয়, তাহলে আমাদের টিকে থাকাই কঠিন হয়ে পড়বে।
একই ধরনের আশঙ্কার কথা জানালেন কৃষক ফরিদ। তিনি বলেন, আলু চাষে অনেক টাকা বিনিয়োগ করতে হয়। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ মেটাতে অনেক সময় ধারদেনাও করতে হয়। অথচ ফসল ওঠার পর বাজারে দাম পাওয়া যায় না। গত দুই বছর লোকসান হয়েছে, এবারও শুরুতেই বৃষ্টির কারণে জমিতে পানি জমেছে। আমরা চাই দ্রুত পানি নেমে যাক এবং উৎপাদিত আলুর ন্যায্য দাম পাই।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ক্ষেতলালে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ১৯৫ হেক্টর জমিতে। এর মধ্যে এখন পর্যন্ত আবাদ হয়েছে ১ হাজার ৩৮৭ হেক্টর জমিতে। গত মৌসুমে উপজেলায় আলুর আবাদ হয়েছিল ৮ হাজার ৪৪০ হেক্টর জমিতে। এবার এস্টারিক্স, ডায়মন্ড, বারি আলু-৮৬, মিউজিকা, কারেজ ও পাকড়িসহ বিভিন্ন জাতের আলু চাষ করছেন কৃষকেরা।
এ ছাড়া চলতি মৌসুমে উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৩০ হেক্টর। এখন পর্যন্ত আবাদ হয়েছে ১৫০ হেক্টর জমিতে। কৃষি অফিসের তথ্যমতে, উপজেলায় সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং সরকার নির্ধারিত দামেই সার বিক্রি হচ্ছে।

ক্ষেতলালের কৃষকদের কাছে আলু কেবল একটি মৌসুমি ফসল নয়, বরং পরিবারের সারা বছরের আয়-ব্যয়ের অন্যতম ভরসা। এ ফসল ঘিরে জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ, সার ও শ্রমিকের পেছনে আগাম বিনিয়োগ করতে হয়। অথচ উৎপাদনের পর বাজারদরের অনিশ্চয়তার পাশাপাশি প্রকৃতির বিরূপ আচরণ তাঁদের সেই বিনিয়োগকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
দুই বছরের লোকসানের পর এবার ভালো ফলনের আশায় মাঠে নেমেছিলেন কৃষকেরা। কিন্তু মৌসুমের শুরুতেই বৃষ্টিতে তাঁদের সেই প্রত্যাশায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন জমির পানি দ্রুত নেমে যাওয়া, ফসলের ক্ষতি কমানো এবং উৎপাদিত আলুর ন্যায্য দাম পাওয়াই তাঁদের প্রধান চাওয়া।
জনতার কণ্ঠ/এসএ

জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 


















