গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ছোড়া সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে যে কোনো সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে চিন্তার কিছু নেই, সবগুলোই ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
একই পোস্টে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের যোগসূত্র টানেন ট্রাম্প। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্রেটিক পার্টি।
ট্রাম্প দাবি করেন, নির্বাচনের আগে তিনি দুটি বিষয়ে পূর্বাভাস দিয়েছিলেন। প্রথমত, ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হবে। দ্বিতীয়ত, ইরান আরও আগ্রাসী হয়ে উঠবে এবং হামলা বাড়াবে। তার দাবি, দুটি পূর্বাভাসই বাস্তবে ঘটেছে।
ট্রাম্পের মতে, ‘সবাই মনে করতে পারেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আমি দুটি কথা বলেছিলাম। প্রথমত, ডেমোক্র্যাটরা জিতলে শেয়ারবাজারে উল্লেখযোগ্য দরপতন হবে, যা হয়েছে। দ্বিতীয়ত, ইসলামী প্রজাতন্ত্র ইরান যারা আজ পর্যন্ত ৮১ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে, হামলার ক্ষেত্রে আরও আগ্রাসী হয়ে উঠবে। সেটিও ঘটেছে।’
তবে বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা নিয়ে ট্রাম্পের এই দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য পোস্টে উল্লেখ করা হয়নি।
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অর্থনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং এর প্রভাব নিয়ে রিপাবলিকান দলের নেতাদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ রিপাবলিকান নেতারা নির্বাচনে দলের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাবের কথা আংশিকভাবে স্বীকার করেছেন।
রোববারের পোস্টে ট্রাম্প দাবি করেন, ভোটাররা তাদের ভোটের তাৎপর্য বুঝতে পারেননি। নির্বাচনের ফলাফলকে তিনি খুবই অদ্ভুত বলেও মন্তব্য করেন।
তিনি লেখেন, ‘ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী বলে মনে করেন। কিন্তু আমি তা হতে দেব না! ডেমোক্র্যাট ও ইরান উভয় পক্ষই যত দিন সম্ভব তেলের দাম বাড়িয়ে রাখতে মরিয়া হয়ে লড়েছে। নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে।’
ভোটারদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘ভোট দেওয়ার আগে ভোটাররা বিষয়টি বুঝতে পারেননি, এটা দুঃখজনক। তবে পুরো নির্বাচনই ছিল খুবই অদ্ভুত।’

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























