ইউক্রেন যুদ্ধের প্রশ্নে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করার কয়েক দিন পর এ মন্তব্য করলেন তিনি।
রোববার এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে ক্লেটন বলেন, ‘ইউক্রেনের বিষয়ে তিনি (পুতিন) যুক্তরাষ্ট্রের বন্ধু নন। একেবারেই নন।’
তবে বিশ্বে তিনটি প্রধান পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে আলোচনার ক্ষেত্রে পুতিনকে বন্ধু বলা যথাযথ বলে মনে করেন ক্লেটন। গত সপ্তাহে চীনে এ তিন দেশের নেতাদের উচ্চপর্যায়ের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।
এর আগে বৃহস্পতিবার পুতিনকে বন্ধু বলার পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘শত্রুর পরিবর্তে ৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে—এমন কাউকে বন্ধু হিসেবে পাওয়াই ভালো।’ তবে শুক্রবার পুতিন পুরো যুক্তরাষ্ট্রের বন্ধু কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আমেরিকার পক্ষ থেকে বলতে পারি না।’
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিচুক্তির বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের পুরো এলাকা ছেড়ে দেওয়ার দাবি থেকে এখনো সরে আসেননি পুতিন।
পুতিনকে ট্রাম্পের বন্ধু হিসেবে উল্লেখ করার ঘটনায় ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের মধ্যেও সমালোচনা হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ‘মি. পুতিন আমাদের বন্ধু নন এবং কখনো হবেনও না।’
এদিকে ট্রাম্পের মন্তব্য নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যান।
জনতার কণ্ঠ/এসএ

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















