মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
লক্ষ্মীপুরে বোনকে বিয়ে না দেওয়ায় মনির হোসেন নামে এক যুবকের সিএনজি অটোরিকশায় আগুন দিয়ে পুড়িয়ে দিলো বখাটে সুজন ও তার সহযোগীরা।
রোববার (২ নভেম্বর) ভোররাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মনির হোসেন ওই এলাকার নুর নবীর ছেলে।
মনির হোসেন জানান, তার খালাতো ভাই সুজন দীর্ঘদিন ধরে তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু পরিবার রাজি না হওয়ায় ও সম্প্রতি অন্যত্র বিয়ে দেওয়ায় সুজন ক্ষুব্ধ হয়ে ওঠে। এর জেরে রাতে সুজনসহ আরও ৪-৫ জন মিলে তার সিএনজিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মনির বলেন, “রাতে আগুনের গন্ধ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখি আমার সিএনজি জ্বলছে। আমরা চিৎকার করলে সুজন ও তার সহযোগীরা পালিয়ে যায়।” তিনি আরও জানান, জীবিকার একমাত্র অবলম্বন ছিল ওই সিএনজি, যা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।
এর আগে বোনকে হয়রানির ঘটনায় গত মাসে চন্দ্রগঞ্জ থানায় সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন মনির।
সুজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকার সুতারবাড়ির দুলালের ছেলে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবার আমাদের জানিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রিপোর্টার: 



















