নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ. কম
লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) রাতে উপজেলার কাদিরপুন্ডিত এলাকার মেঘনা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চরজগবন্ধু এলাকার আবুল কালাম প্রকাশ আবু’র ছেলে ও ডাকাত সর্দার দেলোয়ার হোসেন (৩০), চরলরেন্স এলাকার মৃত আবদুল আজিজের ছেলে আবুল কাশেম (৪২) এবং হাজিরহাট ইউনিয়নের আবুল বাশারের ছেলে তানভীর প্রকাশ মান্না (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে আটটি স্মার্টফোন, তিনটি সাধারণ মোবাইলফোন, একটি কাটার, দুইটি হাতুড়ি, দুইটি টর্চলাইট ও একটি করাত উদ্ধার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দেলোয়ারের নেতৃত্বে একটি দল মেঘনা নদীর পাড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে আটক করা হলেও জাকির হোসেন ও মেহরাজ হোসেন নামে আরও দুইজন পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে পুলিশ বাদী হয়ে নতুন একটি মামলা দায়ের করেছে। সোমবার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রিপোর্টার: 



















