গণভোটে না ভোট চেয়ে তোপের মুখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী হিল্টন প্রামানিক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সকল প্রার্থীর ইশতেহার ঘোষণা ও নির্বাচনী আচরণবিধি পালন ঘোষণা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইশতেহার ঘোষণা ও আচরণবিধি পালন অনুষ্ঠানে বক্তব্যকালে জাতীয় পার্টির প্রার্থী মো. হিলটন প্রামাণিক তার ইশতেহার ঘোষণার এক পর্যায়ে গণভোটের বিপক্ষে কথা বলেন।
তিনি বলেন, দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা নিয়ে না মানে সংস্কার হবে সংসদে, না মানে একাত্তরের পক্ষে, না মানে মব সন্ত্রাসীদের বিপক্ষে, না মানে সব দলের জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে, না মানে ট্যাগিং আর মবের রাজনীতি বন্ধ করতে হবে। তিনি গণভোটকে না বলুন ও লাঙলে ভোট দিন এই শ্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।
তাঁর এই বক্তব্যের উপস্থিত বিভিন্ন দলের নেতা-কর্মীরা ‘দালাল’ ও ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন-শৃঙ্খলা বাহিনী এবং অন্য দলীয় প্রার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অনুষ্ঠান শেষে জাতীয় পার্টির প্রার্থী মো. হিলটন প্রামাণিক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তার দলীয় ইশতেহার অনুযায়ী গণভোটে ‘না’ ভোটের পক্ষে কথা বলায় উশৃঙ্খল লোকজন তার ওপর চড়াও হন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য রাখেন, বিএনপির প্রার্থী এম. আকবর আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী মো. হিলটন প্রামাণিক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মোঃ আব্দুল হাকিম নিজ নিজ ইশতেহার ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফকে বার বার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















