নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পুকুর সেচতে গিয়ে কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে সেচ মেশিন বসানো হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরের পানি কমে গেলে স্থানীয়রা মাছ ধরার প্রস্তুতি নিতে কচুরিপানা সরাতে শুরু করেন। এ সময় কচুরিপানার নিচে একটি মরদেহ দেখতে পান তারা। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় এক মাস আগের হতে পারে। মরদেহ পচে যাওয়ায় এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নোয়াখালী ব্যুরো। জনতার কণ্ঠ 



















