ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নকল কোম্পানির মেয়াদোত্তীর্ণ ও ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান।
জানা যায়, শৈলকুপা চৌরাস্তা মোড়ের ‘হোসেন আলী ট্রেডার্স’ নামের একটি দোকানে নামসর্বস্ব ও নকল কোম্পানির মেয়াদোত্তীর্ণ, ভেজাল সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে ঘটনার সত্যতা মেলায় এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার অপরাধে ওই দোকানের স্বত্বাধিকারী মাসুম বিল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দকৃত ভেজাল তেল ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ‘জনস্বাস্থ্যে ঝুঁকি এড়াতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















