খুলনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ (সিজন-২)। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে মাল্টিমিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত অনুষ্ঠানটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ বাছাইকৃত প্রতিযোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাককির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এবং সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের ক্রীড়া উৎসবের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, বিকশিত হবে সুপ্ত প্রতিভা এবং গড়ে উঠবে সুস্থ ক্রীড়াচর্চার পরিবেশ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 


















