লক্ষ্মীপুরের রামগতি থানায় দায়ের হওয়া নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ ইসমাইল (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।
র্যাব জানায়, সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেল ৪টা ৪০ মিনিটে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে ভুক্তভোগী নাবালিকা তার মায়ের অজান্তে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় আসামী ইসমাইল কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রামগতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে আসামী পলাতক থাকলেও র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















