মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। আর প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানো এবং জানাযায় শরীক হতে সিরাজগঞ্জ থেকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে ঢাকার পথে রওয়ানা হয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তিনি বাসযোগে নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকার পথে রওয়না হয়েছেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, মাতৃসম নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জের নেতাকর্মীরা বাকরুদ্ধ হয়ে পড়েছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্য হাজার হাজার নেতাকর্মী প্রস্তুত রয়েছে। আমরা রাতেই একটি বিশাল গাড়ীবহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাযা অনুষ্ঠিত হবে। পরে জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তার দাফন কার্য সম্পন্ন করা হবে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















