বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় রোগীর চার বন্ধুকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত আনসার সদস্যদের শজিমেক হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে।
আহত আনসার সদস্যরা হলেন মোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে কয়েকজন বন্ধু মিলে শজিমেক হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের সামনে ওই রোগীকে ট্রলিতে তোলাকে কেন্দ্র করে ট্রলিম্যানদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা এক ট্রলিম্যানকে মারধর শুরু করেন।
এ সময় টহলরত আনসার সদস্যরা এগিয়ে গিয়ে ওই ট্রলিম্যানকে উদ্ধার করেন এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
এর কিছুক্ষণ পর ওই তরুণের বন্ধুরা আবারও জরুরি বিভাগের সামনে এসে ওই ট্রলিম্যানকে খুঁজতে থাকেন। তাকে পেয়ে দ্বিতীয় দফায় মারধর শুরু করলে আনসার সদস্যরা বাধা দেন। এ সময় তাদের ওপরও হামলা চালানো হয়।
বগুড়া জেলা আনসার কমান্ড্যান্ট গোলাম মাওলা তুহিন বলেন, হামলাকারীদের কাছে চাকু বা ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে। তাদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ট্রলি আনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই তরুণেরা আনসার সদস্যদের ওপর হামলা করেন। এতে চার আনসার সদস্য আহত হন।
তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রোগীর চার বন্ধুকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















