ফয়সাল হোসাইন সনি, বগুড়া। জনতার কণ্ঠ.কম
বগুড়ার গাবতলী উপজেলায় বসতবাড়ির ভেতরে ককটেল তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের অলেদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক।
স্থানীয়দের বরাতে জানা যায়, স্থানীয় মুক্তার হোসেনের স্ত্রী নাসিমা (৪৫)–এর বসতঘরে গোপনে ককটেল তৈরির কাজ চলছিল বলে অভিযোগ রয়েছে। হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রশাদের চর এলাকার বাদশার ছেলে আতাউর রহমান সেলিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই গাবতলী মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে আহত সেলিমকে গ্রেফতার দেখায় বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম।
ওসি সেরাজুল ইসলাম জানান, বিস্ফোরণের সময় ওই বাড়িতে আরও দুইজন উপস্থিত ছিলেন; তবে তারা পালিয়ে গেছেন এবং এখনো শনাক্ত করা যায়নি। বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত ঘরটি আপাতত সিলগালা করা হয়েছে। বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ঝুঁকি নিরসন করবেন।
তিনি আরও বলেন, “ককটেলটি কী উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল তা এখনো স্পষ্ট নয়। ঘটনাটি গভীরভাবে তদন্তে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।”
বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সম্পূর্ণ তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

রিপোর্টার: 



















