ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস কমলা রঙের ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার টিকাপাড়া এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. ফাহিম মোর্শেদ গালিব (৩৩) এবং বরুনাগাঁও এলাকার মো. নিজামউদ্দিনের ছেলে মো. রানা (৩৫)।
ভূল্লী থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার বালিয়া ইউনিয়নের বড় বালিয়া মন্ডলপাড়া জামে মসজিদের পাশে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহজনক অবস্থায় দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১০৫ পিস কমলা রঙের ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হলে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ভূল্লী থানায় মাদক, মামলার আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদকসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভূল্লী থানায় ৪ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর-০৫ দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ভূল্লী থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।

ভূল্লী (ঠাকুরগাঁও) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















