ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভূল্লী উপজেলা শাখার উদ্যোগে এ বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভূল্লীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ২নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বি.এন.পির সহ-সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভূল্লী উপজেলা শাখার সভাপতি বাবু মনোরঞ্জন বর্মন ও সাধারণ সম্পাদক তপন কুমার সেনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় ধর্মীয় নানা প্রতিকৃতি, ব্যানার ও ফেস্টুন নিয়ে ভক্তরা অংশ নেন। এ সময় ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। জন্মাষ্টমী উপলক্ষে ভূল্লীর বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শাহিন আলম, ভূল্লী (ঠাকুরগাঁও) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















