রংপুরের পীরগঞ্জে ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও বানানোর অভিযোগকে কেন্দ্র করে তিন বাড়িতে ভাঙচুর হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘরের আসবাব ও ছাগল লুটের অভিযোগ করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চক করিম (তেলিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্ত (২২) সম্প্রতি ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করেছেন এমন অভিযোগ ওঠে। অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে উত্তেজিত একদল লোক সৌরভের বাড়ি এবং তার দুই চাচা জগদীশ চন্দ্র মহন্ত ও দীনেশ চন্দ্র মহন্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
হামলার পর সৌরভের পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি। তারা পালিয়ে গেছেন বলে জানা গেছে।
তার চাচা ক্ষতিগ্রস্ত জগদীশ চন্দ্র মহন্ত বলেন, মাগরিবের নামাজের পর একদল লোক হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায়। ওই সময় বিদ্যুৎ না থাকায় হামলাকারীদের চেনা যায়নি বলে জানান তিনি।
আরেক ক্ষতিগ্রস্ত দীনেশ চন্দ্র মহন্ত অভিযোগ করেন, কিছু লোক এসে বাড়িঘরে হামলা চালায় এবং তার ৩টি ছাগল ও ঘরের আসবাব লুট করে নিয়ে যায়। পরে পুলিশ সেখানে আসে।
ঘটনার পর গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ১০ থেকে ১৫ দিন আগে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। পোস্ট দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তি সেটি মুছে ফেলেন। এ নিয়ে সোমবার ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, তিনি ফেসবুকে ধর্ম অবমাননা করে থাকলে তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ সুপার বলেন, ‘এরপর অভিযুক্ত ছেলেটিকে ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা শুনতে পেলাম, মাগরিবের পর একটি অংশ এসে অভিযুক্ত সৌরভের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসেছে।’
তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং কিছু নাম পাওয়া যাচ্ছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।’

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















