নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতকে গতিশীল ও জনআস্থা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার (৬ মে) রাত ৮টায় উপজেলার পারইল বাজার এলাকায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ এভিসিবি প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে গত মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় একই প্রকল্পের আওতায় অনুরূপ আয়োজন সম্পন্ন হয়।
গ্রাম আদালতকে গতিশীল করতে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন উপজেলা কো-অর্ডিনেটর যবনিকা রানী।
পারইল বাজারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ, হিসাব সহকারী, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ স্থানীয় নারী-পুরুষ।
ত্রিমোহনী বাজারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকলেছুর রহমান বাবু, হিসাব সহকারী, প্রশাসনিক কর্মকর্তা, পুরুষ ও নারী ইউপি সদস্যগণ, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, জনগণকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আদালতমুখী করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানে “নারীর ভরণ-পোষণ” বিষয়ে দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র তুলে ধরে একটি নাটিকা প্রদর্শন করা হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিশেষত নারীর অধিকার, পরিবারের দায়িত্বশীলতা এবং স্থানীয় পর্যায়ে বিচার প্রাপ্তির সুযোগ সম্পর্কে আগত দর্শকরা সচেতন হওয়ার সুযোগ পান।
উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ধরনের কর্মসূচি চলমান রাখা হবে বলে জানান আয়োজক যবনিকা রানী।
এই আয়োজনে সন্তোষ প্রকাশ করেন চেয়ারম্যান জাহিদ। তিনি বলেন, “এতে করে গ্রাম আদালত সম্পর্কে জনগণের ধারণা স্পষ্ট হবে, বাড়বে সচেতনতা।” তিনি এই ধরনের প্রদর্শনী অব্যাহত রাখার আহ্বান জানান।
ভিডিও প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে আগত নারী-পুরুষ আরও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
পড়ুন: রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সরকার ঘোষিত দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে চার যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে) রাত ১০টা ৩০ মিনিটে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রকাশ্য স্থানে নেশাজাতীয় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. শিহাব (২৯), নাছির মোল্লার ছেলে মোঃ রাশেদ মোল্লা (২৩), বাহাদুরপুর গ্রামের মৃত মখলেছুর রহমানের ছেলে মহসিন (২২) ও নওগাঁ সদর উপজেলার মন্ডলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ জনি (৩১)।
অভিযুক্তরা অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সামাজিক অপরাধের মূল উৎস এই মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে প্রকাশ্যে জনবিরক্তি সৃষ্টি করে মাদক সেবন করতে দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে এই ধরনের তদারকি ও আইনি ব্যবস্থা নিয়মিত পরিচালনা করা হবে।”
বেলাবতে রাস্তার পাশে ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ!
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
আপডেট টাইম : ০৩:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নরসিংদীর বেলাব উপজেলায় রাস্তার পাশের ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) সকালে বেলাব-কামরাবগামী সড়কের দক্ষিণ পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আপন (২৩)। তিনি বেলাব উপজেলার বাজনাব বড়িবাড়ি গ্রামের মস্তু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















