নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে মারধোরের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় গাজীকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে মারধোর করে সমাজ বিজ্ঞান বিভাগের হৃদয় গাজী। এ ঘটনার বিচার দাবি করে ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ করে।
অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পাওয়ায় প্রক্টরিয়াল বডির সিদ্ধান্তে ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে হৃদয় গাজীকে একাডেমিক কার্যক্রমে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে হৃদয় গাজীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গেও অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রিপোর্টার: 



















