সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় মো. শাহালম (৬০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদ্যনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহালম সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা। তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে শাহালম শিয়ালকোলের দিকে যাচ্ছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















